আব্দুল হান্নান, বিশেষ প্রতিনিধি সোনারগাঁ(নারায়ণগঞ্জ):
ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.) আগামী ৭ আগস্ট (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ নসীহত প্রদান করবেন। অতপর তিনি জুমার খুতবা পাঠ ও জুমার নামাজে ইমামতি করবেন।
বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে মুফতি আবুল কাসেম নোমানী পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান-আকিদা, তাকওয়া, আমল-আখলাক, আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক দায়িত্ববোধ এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের আদর্শ অনুসরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
জুমার পূর্ব বয়ান শেষে তিনি খুতবা প্রদান করবেন এবং জুমার নামাজে ইমামতি করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী বর্তমানে ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। উপমহাদেশে ইসলামী শিক্ষা, হাদিসচর্চা ও দ্বীনি জ্ঞান বিস্তারে প্রতিষ্ঠানটির দীর্ঘ ঐতিহাসিক ভূমিকা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হাদিসের পাঠদান, দাওয়াত ও ইসলামী গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তাঁর ইলমি প্রজ্ঞা, হাদিসশাস্ত্রে গভীর জ্ঞান এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে চিন্তাশীল দৃষ্টিভঙ্গির কারণে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের কাছে তিনি একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশে অবস্থান করছেন। এ সময় তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশের আলেমদের সঙ্গে মতবিনিময় করছেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষকে শুক্রবার যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে বয়ান শোনা ও জুমার নামাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ইমাম-মুয়াজ্জিনদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে