নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ বাজারে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করে গণসংযোগ করেছেন বিশিষ্ট সমাজসেবক, বন্দর উপজেলা বিএনপির সভাপতি ও মদনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাজাহারুল ইসলাম ভূঁইয়া হিরন।
শুক্রবার (১৭ জুলাই) বাদ এশা দেওয়ানবাগ বাজারে অনুষ্ঠিত এ গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবক, তরুণ, প্রবীণ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
বক্তব্যে মাজাহারুল ইসলাম ভূঁইয়া হিরন বলেন, "আমি আপনাদের এলাকারই সন্তান। সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে একজন সেবক হিসেবে কাজ করতে চাই।"
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাঁর অগ্রাধিকার থাকবে। এসব লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। গণসংযোগ শেষে মাজাহারুল ইসলাম ভূঁইয়া হিরন উপস্থিত সবার কাছে আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।