নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ মামুন (৪৩) নামে এক ব্যক্তি তার সৎ ভাই রাজিব মাহমুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মামুনের বাবা মৃত নিজাম উদ্দিনের পৈতৃক সম্পত্তির আরএস খতিয়ান/দাগ নম্বর ৩২৩, ৩২৪ ও ৩২৫-এর সম্পত্তি বণ্টননামা দলিলের মাধ্যমে প্রত্যেকের প্রাপ্য অংশ অনুযায়ী বণ্টন করা হয়। মামুন তার প্রাপ্ত অংশে সীমানা প্রাচীর নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে মামুনের অভিযোগ, তার সৎ ভাই রাজিব মাহমুদ উক্ত সম্পত্তির একটি অংশে নিজের অংশ রয়েছে দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছেন। এ বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সময় স্থানীয় ও বহিরাগত লোকজন সঙ্গে নিয়ে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নিজের নিরাপত্তার আশঙ্কায় মামুন বর্তমানে নিজ এলাকা ছেড়ে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় এক বন্ধুর বাড়িতে অবস্থান করছেন।
অভিযোগে তিনি আরও জানান, সেখানেও রাজিব মাহমুদ ও তার সঙ্গে থাকা লোকজন তাকে খুঁজে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে এবং ‘দেখে নেওয়া হবে’ ও ‘দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে’—এ ধরনের হুমকি দিচ্ছে।
এ ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন উল্লেখ করে মামুন বলেন, যেকোনো সময় তার ওপর হামলা চালিয়ে মারধর, গুরুতর জখম কিংবা প্রাণনাশ করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগে অনুরোধ জানিয়েছেন তিনি।
ওসি এমদাদুল হক জানান অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।