
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের ধামগড় ইউনিয়নের মালি ভিটা ঈদগাহের গাইডওয়াল নির্মাণে সরকারি বরাদ্দের টাকা ব্যবহারে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি অনুদান হিসেবে চার লাখ টাকা বরাদ্দ থাকলেও প্রকল্পের পুরো অর্থ ব্যয় ও কাজের বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, গাইডওয়াল নির্মাণের জন্য বরাদ্দকৃত চার লাখ টাকার মধ্যে তৎকালীন চেয়ারম্যান কামালের মধ্যস্থতায় ধামগড় ইউনিয়নের জামায়াতের আমির জাকির হোসেনকে মাত্র দেড় লাখ টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অভিযোগ রয়েছে, ঠিকাদার আবু তাহের দীর্ঘ সময় কাজ না করে রাখেন এবং প্রায় দুই বছর পর স্থানীয়দের বহু দেনদরবারের পর দেড় লাখ টাকা বুঝিয়ে দেন।
এদিকে মালি ভিটা ঈদগাহের বর্তমান ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ঈদগাহ কমিটির সভাপতি হাজী সফুর উদ্দিন নিজ উদ্যোগে একটি গার্ডওয়াল নির্মাণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, ঈদগাহের প্রথম দফার বালু ভরাট থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন কাজেও তিনি নিজ শ্রম ও অর্থ ব্যয় করেছেন।
স্থানীয়দের দাবি, সরকারি বরাদ্দের চার লাখ টাকা কোন খাতে, কীভাবে এবং কার মাধ্যমে ব্যয় হয়েছে—তা স্পষ্ট হওয়া প্রয়োজন। একই সঙ্গে গাইডওয়াল নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থের বিপরীতে বাস্তবে কতটুকু কাজ হয়েছে, সে বিষয়েও তদন্ত হওয়া দরকার বলে মনে করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। পাশাপাশি সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।