
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাহাপুর এলাকায় স্বপ্ননীড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির এক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাত ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, সাহাপুর এলাকার বাসিন্দা ফারুক আহমেদ (৪৫) বাদী হয়ে প্রিতম চন্দ্র সরকার (২৪) ও তার পিতা গনেশ সরকারের (৪৮) বিরুদ্ধে এ অভিযোগ করেন। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীদের দাবি, স্থানীয় ২০ জন সদস্য মিলে গঠিত “স্বপ্ননীড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড” (নিবন্ধন নম্বর ৭০, তারিখ ১৩/১২/২০২০) প্রায় পাঁচ বছর ধরে সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সমিতির আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য প্রিতম চন্দ্র সরকারকে ক্যাশিয়ারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
কিন্তু সাম্প্রতিক সময়ে তার হিসাব-নিকাশ ও আচরণ সন্দেহজনক হয়ে উঠলে সদস্যরা তার কাছে আয়-ব্যয়ের সঠিক হিসাব চেয়ে বসেন। এতে তিনি তালবাহানা করতে থাকেন। পরে জানা যায়, তিনি বিদেশ গমনের প্রস্তুতি নিচ্ছেন।
২৩ মে উপজেলা হাসপাতালের সামনে রিফাত ফার্মেসিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রিতম ও তার পিতা গনেশ সরকার আশ্বাস দেন যে ঈদের আগেই সমস্ত হিসাব বুঝিয়ে দেবেন। কিন্তু ৩০ মে প্রিতম চন্দ্র সরকার হঠাৎ নিখোঁজ হয়ে যান।
বাদির অভিযোগ, প্রিতম ও তার পিতা গনেশ সরকারের যোগসাজশে সমিতির গুরুত্বপূর্ণ নথিপত্র ও একটি বাটন মোবাইল নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনার পর তারা সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।