
আব্দুল হান্নান, বিশেষ প্রতিনিধিঃ
সোনারগাঁওয়ে (নারায়ণগঞ্জ) একটি মসজিদের ভেতরে ঢুকে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ইয়ানবী নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব বড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক ইয়ানবী (৩২) সোনারগাঁ থানার সাদিপুর ১নং ওয়ার্ডের বরাব বড়ভিটা এলাকার মনজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ানবী সোমবার বিকেলে গোপনে মসজিদে প্রবেশ করেন। এ সময় তিনি কোরআন শরীফের সঙ্গে অবমাননাকর আচরণ করে গোপনে বেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে মসজিদ থাকা সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় লোকজন তাকে শনাক্ত করেন। এরপর তাকে আটক করা হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, ওই যুবক মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। তবে তার মানসিক অসুস্থতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘কোরআন অবমাননার অভিযোগে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’