মোঃ আক্তার হোসেনঃ-
সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে ১ হাজার মিটার আরসিসি রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মুসারচর বেবি স্ট্যান্ড থেকে ভূঁইয়া বাড়ি মসজিদ হয়ে সাদেকের বাড়ি পর্যন্ত এ রাস্তা নির্মাণ করা হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে রাস্তার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। প্রায় ১ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে রাস্তাটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফা এন্টারপ্রাইজ।
জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার ও উন্নয়ন প্রয়োজন ছিল। আরসিসি রাস্তা নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান।