
আব্দুল হান্নান,বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক নয়াপুরে ৮ দিনব্যাপী ৫০তম ইসলামী সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসিফ আল জিনাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সম্মেলন কমিটির একটি প্রতিনিধি দল।
আজ দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া, সোনারগাঁও থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির দেওয়ান মো. খোরশেদ আলম, বিএনপির সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কাউসার ও মো. সেলিম সরকার, সোনারগাঁও চাষী হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ডা. শফিকুর রহমান, মো. বাবুল মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সাক্ষাৎকালে আসন্ন ১৮ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর ৮ দিনব্যাপী ঐতিহ্যবাহী ৫০তম ইসলামী সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সম্মেলনের ব্যাপক প্রচার-প্রচারণার গুরুত্ব তুলে ধরেন। সম্মেলনের সংবাদ পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও অন্যান্য গণমাধ্যমে প্রচারের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি দল সম্মেলনটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ঐতিহাসিক নয়াপুরের ৫০তম ইসলামী সম্মেলনকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।