
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নিউ ঢাকা থেকে শুরু করে কাঁচপুর সেতুতে গিয়ে মিছিলটি শেষ হয়।
এর আগে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার শাখার আয়োজনে নিউ ঢাকার সামনে সমাবেশ করে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জের জেলা জামায়াতের আমির আলহাজ্ব মমিনুল হক সরকার।
সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অ্যাডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোঃ মুন্না, রূপগঞ্জ উপজেলা জামায়াতের এমপি প্রার্থী আনোয়ার মোল্লা, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাসউদুর রহমান গিয়াস, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসাইন প্রমুখ।
এসময় জেলা আমির বলেন, এ দিন স্বৈরশাষক শেখ হাসিনা ছাত্রদের আন্দোলনে পলায়ন করতে বাধ্য হয়েছে। এ দেশে যাতে আর স্বৈরশাষক না আসতে পারে তার জন্য আইন করতে হবে। এখন একটা দল নির্বাচন নির্বাচন করছে। জুলাই যদি না আসতো তাহলে কি তারা নির্বাচন নিয়ে কথা বলতে পারতো। কোনো সংস্কার না করে এ দেশে বিচার করা যাবে না।
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের প্রকৃত সম্মান দিতে হবে। তাদের কারণেই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এছাড়া আওয়ামী লীগের বিচার করতে হবে।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।