
মোঃ আক্তার হোসেনের
নারায়ণগঞ্জের বন্দরে পরিকল্পিত শত্রুতা থেকে গভীর রাতে ১২টি জুট গোডাউনে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বটতলা এলাকা সংলগ্ন ১২ জুটের গোডাউনে গত ১৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে কে বা কারা পরিকল্পিতভাবে এই নাশকতামূলক আগুন লাগায়।
মুহূর্তেই আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১২টি গোডাউন ও এর ভেতরে থাকা বিপুল পরিমাণ ঝুট বা জুটসামগ্রী। এতে সর্বস্ব হারিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের।
প্রাথমিক হিসেবে এই ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ওমর ফারুকের ৫ লাখ, আবু বক্কর সিদ্দিকের ২০ লাখ এবং আমির হোসেনের ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া নাসির, জয়নাল, দুলাল মাস্টার, আজম, মাসুম ও জাহিদসহ অন্যান্য ব্যবসায়ীদের গোডাউনে থাকা বাকি মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
হঠাৎ এই নাশকতামূলক অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া ব্যবসায়ীরা দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।