
মোঃ আক্তার হোসেনঃ-
নারায়ণগঞ্জ সদরে ইউএনও এস এম ফয়েজউদ্দীন এর উদ্যোগে
শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে ১দিনে ইউএনও কার্যালয়ের কার্যক্রম অবহিতকরণ।
শিক্ষার্থীদের মাঝে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২ সেপ্টেম্বর, সকাল ১১ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা হলরুমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনের প্রথম দিনে স্থানীয় শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন তার কার্যালয় থেকে প্রদত্ত বিভিন্ন সেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, মানুষের মাঝে সরকারি দপ্তরগুলোর কাজের পরিধি এবং সেবা পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রায়শই স্বচ্ছ ধারণার অভাব থাকে। শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই শৈশব ও কৈশোর থেকেই তরুণ প্রজন্মকে সরকারি সেবা, নাগরিক অধিকার এবং প্রশাসনিক জবাবদিহিতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্যকে সামনে রেখেই শিক্ষার্থীদের সচেতন করার এই দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজেরা সচেতন হবে না, বরং তাদের পরিবার ও সমাজকেও সরকারি সেবা পাওয়ার সঠিক উপায় সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতে পারবে।সদর উপজেলা প্রশাসন জানিয়েছে, এটি কোনো একক দিনের আয়োজন নয়। শিক্ষার্থীদের প্রশাসনিক ব্যবস্থার সাথে সুপরিচিত করতে ধাপে ধাপে সদর উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের কার্যক্রম ও সেবা নিয়ে এই ধারাবাহিক অবহিতকরণ কর্মসূচি পরিচালনা করা হবে।