
মোঃ আক্তার হোসনঃ-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লী আবাসন প্রকল্প এলাকায় নবনির্মিত সড়কের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক
অ্যাডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জানা গেছে, “রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)” এর আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটির চুক্তিমূল্য ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লাখ ৭২ হাজার ৫৪১ টাকা ৮২ পয়সা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন খান বলেন, কোনো বাড়ি নির্মাণের ক্ষেত্রে “আমি ইট দেব, আমি বালি দেব, আমি রড দেব” — এ ধরনের অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্থানীয় জনগণ সহযোগিতা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আজগর হোসেন, ভূমি পল্লী সোসাইটির সভাপতি ডা. খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নতুন এ সড়ক নির্মাণের ফলে ভূমি পল্লী আবাসন প্রকল্প এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। পাশাপাশি এলাকার অবকাঠামোগত উন্নয়নেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।