
প্রতিদিনের নারায়ণগঞ্জ শহরের
সোনারগাঁয়ে একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ইয়ানবী (৩২) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত সোমবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটককৃত ইয়ানবী বরাবো ভড়ভিটা এলাকার মনজু মিয়ার ছেলে। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় সূত্র জানায়, ইয়ানবী নামের ওই যুবক গত সোমবার বিকেলে বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে প্রবেশ করে কোরআন শরীফ অবমাননা করে। পরে সে মসজিদ থেকে বেরিয়ে গেলে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় লোকজন তাঁকে সনাক্ত করে আটক করে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত এলাকাবাসীর কাছ থেকে ওই যুবককে হেফাজতে নেয়। স্থানীয়রা জানায়, ওই যুবক মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক সাংবাদিকদের জানায়, কোরআন অবমাননার দায়ে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।