
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় নূরউদ্দিন হাওলাদার নামে এক ঠিকাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাইমুনা আক্তার সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত নূরউদ্দিন হাওলাদার পেশায় একজন ঠিকাদার ছিলেন। প্রায় দেড় বছর আগে অভিযুক্তদের বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজ সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে নতুন কাজ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ মে বিকেল আনুমানিক ৩টার দিকে মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় ভাড়াটিয়া বাসায় অবস্থান করছিলেন নূরউদ্দিন। এ সময় জাহিদ ওরফে হাসা, মেহেদী হাসান ওরফে শুভ, আব্দুর রব, হোসনা আক্তারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন লোহার রড, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেখানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
একপর্যায়ে নূরউদ্দিন প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয় ভাড়াটিয়া মিজান ও জামালসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে গুরুতর আহত অবস্থায় নূরউদ্দিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।
নিহতের স্ত্রী মাইমুনা আক্তার বলেন, “আমার স্বামীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি বলেন, “ঘটনার অভিযোগ পেয়েছি। মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।