
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে সোহান ওরফে “জঙ্গী সোহান” (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া সোহানের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, গণধর্ষণসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলা রয়েছে। সে উপজেলার হাবিবপুর এলাকার দুলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, এস আই মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাতে সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সোহানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ১৯টি মামলার রেকর্ড রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতি, ডাকাতি, অস্ত্র আইনের মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা, আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ এবং অন্যান্য ফৌজদারি অভিযোগ। কয়েকটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি এবং কয়েকটি মামলায় তদন্তে সন্দেহভাজন হিসেবে উল্লেখ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।