
হাকীম হারুনুর রশিদ, প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের মাহাত্ম্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ পৌরসভার জাদুঘর ১নম্বর গেট সংলগ্ন ছায়ানির পিকনিক স্পটে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চায় তারাই আল্লাহর জমিনে তাঁর বিধান বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, আগামী দিনে জনগণ এমন লোকদেরই বিভিন্ন নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে। এজন্য স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামের পক্ষে শক্তি বৃদ্ধি করতে হবে এবং ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি মো. আসাদুল ইসলাম মোল্লা এবং সোনারগাঁ পৌরসভা জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান।
সোনারগাঁ পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।