
এই বিষয়ে অনুসন্ধান করেছেন প্রতিদিনের নারায়ণগঞ্জের প্রতিবেদক হাকীম হারুনুর রশিদ:
সোনারগাঁ নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে: সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির সোনারগাঁও গড়ার অঙ্গীকার। বিখ্যাত মনিষী বলেছেন- তুমি যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখ সেটা স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয়না। এমনি ধরণের একটি স্বপ্ন আমাদেরও আছে। আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। সৎ যোগ্য ও দক্ষ একদল বিশ্বাসী লোক তৈরি করে তাদের দিয়ে সমাজ পরিচালনা করার সুযোগ দিলেই কেবলমাত্র এ দেশে ন্যায়ের শাসন, ইনসাফের শাসন প্রতিষ্ঠা হবে। আমরা এ দেশে আর দুর্বলের ওপর সবলের অত্যাচার, মজলুমের ওপর জালিমের অবিচার দেখতে চাই না। আমরা চাই দরিদ্র জনগণ তাদের হক পূর্ণমাত্রায় পেয়ে যাক, কোনো জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের হক গ্রাস না করুক। আমরা চাই না এ দেশে আর কোনো দল জনগণের সেবা করতে এসে জনগণের শোষকে পরিণত হোক, সরকারি সম্পত্তি নিজের সম্পত্তিতে পরিণত করুক, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এ দেশের আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের সেবক না হয়ে ঘুষ দুর্নীতির মাধ্যমে জনগণের ওপর চেপে বসা দানবে পরিণত হোক, সন্ত্রাস ও ভোট ডাকাতি করে জনপ্রতিনিধি নির্বাচিত হোক, মিথ্যা মামলা কাঁধে নিয়ে মজলুমরা বছরের পর বছর জেল খাটুক, গুম-খুনের কারণে আর কোনো মায়ের বুক খালি হোক। আমরা চাই এ দেশের নারী সমাজ পূর্ণ নিশ্চিন্তে পথ চলতে পারুক, যেন কোনো ধর্ষকের ভয়ে তাকে তটস্থ না থাকতে হয়। আমরা চাই এ দেশের শ্রমিক তাদের ন্যায্য মজুরি পাক, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশের গুলিতে তাদের প্রাণ না যাক। আমরা দেশে এমন একটি সরকারের স্বপ্ন দেখি যারা এ দেশকে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করবে, জনগণকে সুশাসন দেবে, দুর্নীতি মুক্ত সমাজ গড়বে, সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা করবে। বঞ্চিত, দুস্থ জনগণ তাদের খাওয়া পরার নিশ্চয়তা পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, মানুষ নিরাপত্তা পাবে, সকল দুঃশাসন থেকে তারা মুক্তি পাবে, এটাই আমাদের স্বপ্ন।
সোনারগাঁ নিয়ে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ভাবনা
১. বাংলার প্রাচীন রাজধানী হিসেবে ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
২. ভালো মানের স্কুল (সরকারি বা বেসরকারি) প্রতিষ্ঠা করা যা স্থানীয় শিক্ষার্থীদের মানোন্নয়নে সহায়ক হবে।
৩. আধুনিক ও উন্নত মানের হাসপাতাল বা মেডিকেল সেন্টার নির্মাণ করা।
৪. সোনারগাঁ ঢাকা এবং অন্যান্য এলাকার সঙ্গে দ্রুত ও নিরাপদ সড়ক যোগাযোগের ব্যবস্থা করা।
৫. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য উন্নত পরিবেশ সৃষ্টি, এক্সপোর্ট ভিত্তিক শিল্পাঞ্চল ব্য শিল্পপার্ক তৈরি করা।
৬. পানাম নগরী, লোকশিল্প জাদুঘর ইত্যাদির সঙ্গে নতুন আকর্ষণ যোগ করে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তৈরি করা।
৭. শিক্ষিত যুবক ও বেকার তরুণদের নতুন নতুন কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা।
৮. তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি করতে একটি আইটি পার্ক তৈরি করা।
৯. সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচারের ব্যবস্থা করা।
১০. পরিত্যক্ত জলাশয়, খাল, নদী খনন করে পরিবেশ উন্নয়ন এবং কৃষি বান্ধব পরিবেশ তৈরি করা। ১১. আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করে শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করা এবং সোনারগাঁকে বিশ্বের দরবারে তুলে ধরার ব্যবস্থা করা।
১২. সোনারগাঁয়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। ১৩. মুসলিমদের ইবাদতগার মসজিদ সহ সকল ধর্মের উপাসনালয়কে উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদান করা।
১৪. সোনারগাঁয়ে বসবাসরত সকল দলের, সকল ধর্মের নাগরিকদের অধিকার নিশ্চিত করা। ১৫. একটি মানবিক, স্থিতিশীল, ন্যায়ভিত্তিক এবং সকল নাগরিকের বসবাস উপযোগী সোনারগাঁও গড়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।