
আব্দুল হান্নান, বিশেষ প্রতিনিধি:-
আড়াইহাজারের দুপ্তারায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
২০ আগস্ট হস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে মৃত শিশুরা হলো—ওজাইফা (১০)পিতা-আল আমিন, আফসা (১২) পিতা-মুন্না, রিয়া মনি (৮) পিতা -জাহাঙ্গীর ও রুবাইয়া (৮)পিতা-রাকিব।
তাদের সবার বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। নিহতদের মধ্যে এরা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়াশুনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন। সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর শিমুল জানান, দুটি শিশুকে আড়াইহাজার ও অন্য দুই শিশুকে ক্লিনিকে নেয়া হয়েছে। হাসপাতালে আনার আগে শিশুরা মারা গেছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কান্নায় পরিবেশ ভারী হয়ে গেছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।