
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি সাদেকুর রহমান ভূঁইয়া ইন্তেকাল করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।
মঙ্গলবার বিকেল ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি সোনারগাঁয়ের আমিনপুর ইউনিয়ন পরিষদের টানা পাঁচ বারের চেয়ারম্যান ও পরবর্তীতে পৌরসভা গঠিত হওয়ার পর দুই বার সোনারগাঁ পৌরসভার মেয়র নির্বাচিত হন। এছাড়া সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁ পৌরসভার প্রথম মেয়র সাইদুর রহমান মোল্লাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন।
মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাত ৯ টায় সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।