
বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল আবু জাফর আতাউল্লাহসহ ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সাদিপুর ইউনিয়নের ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের পদপ্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পরিচিতি, নির্বাচনী আচরণবিধি এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সৎ ব্যবহার, নম্রতা ও ভদ্রতা—এই তিনটি মূলনীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। ভোটারদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ করে তাঁদের কাছে ভোট চাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্বাচনী কার্যক্রমে শালীনতা বজায় রাখা এবং কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ না করার বিষয়ে আলোচনা হয়।
সভায় অসৎ কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।বলা হয় প্রার্থীরা বিজয়ী হলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ সময় প্রার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বারদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুবকর।
সভায় উপস্থিত মেম্বার পদপ্রার্থীদের মধ্য
১ নম্বর ওয়ার্ডের মো. কামাল হোসেন,
৩ নম্বর ওয়ার্ডের শফিউদ্দিন সুমন,
৪ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার মাহফুজ,
৫ নম্বর ওয়ার্ডের হাফেজ দেলোয়ার,
৬ নম্বর ওয়ার্ডের ফিরোজ মিয়া,
৮ নম্বর ওয়ার্ডের মো. ইসহাক মিয়া এবং
৯ নম্বর ওয়ার্ডের আল আমিনের উপস্থিত হয়ে সকলের সাথে পরিচয় দিয়ে নির্বাচনে সহযোগিতা কামনা করেন ।
এ ছাড়াও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. মুহাম্মদ অজগর আলীসহ অন্যান্য নেতাকর্মী ও উপস্থিত ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় প্রার্থীদের পরিচিতির পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে শালীনতা, পারস্পরিক সম্মান ও সামাজিক দায়বদ্ধতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয়