
নিজস্ব প্রতিবেদন :
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার অন্তর্গত কামতাল তদন্ত কেন্দ্রের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ শামসুদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কামতাল তদন্ত কেন্দ্রের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শুকতারা গাড়ি পার্কিং এলাকার আরমানের হোটেলের সামনে এসআই অনিল চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন শামসুদ্দিনকে তল্লাশি করে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক শামসুদ্দিন বন্দর উপজেলার চিড়াইপাড়া এলাকার মৃত মো. আলী (বালু আলী)-এর ছেলে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকসংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কামতাল তদন্ত কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।